ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, কারণ কী?

ক্রীড়া ডেস্ক

খেলা

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৫ জুলাই)। এরপর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায়

2026-07-13T16:05:40+00:00
2026-07-13T16:05:40+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, কারণ কী?
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:০৫ পিএম 
পুরনো ছবি
চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৫ জুলাই)। এরপর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচকে সামনে রেখে জার্সি বদলাতে চায় দলটি। এ নিয়ে ফিফার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা ঐতিহ্যবাহী সাদা-আকাশি ডোরাকাটা হোম জার্সির পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে তাদের গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে খেলতে চায়। এ জন্য ইতোমধ্যে ফিফার অনুমতি চেয়েছে দলটি। বিষয়টি প্রথম জানান আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা।’

তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়নি ফিফা। গাস্তন এদুলের দাবি, মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত একবারই নীল অ্যাওয়ে জার্সি পরে খেলেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই জার্সিতে মাঠে নেমে ৩-১ গোলের জয় পেয়েছিল লিওনেল মেসির দল।

আর্জেন্টিনার এই অনুরোধের পেছনে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে দেশটির ফুটবল সংস্কৃতিতে প্রচলিত ‘কাবালা’ বা সৌভাগ্যে বিশ্বাসকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনায় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন কুসংস্কার বা সৌভাগ্যের রীতির চর্চা নতুন নয়।

বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ড ও আর্জেন্টিনা এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে তিনটি ছিল নকআউট পর্বে। পরিসংখ্যানে ইংল্যান্ড তিনটি ম্যাচ জিতেছে, আর আর্জেন্টিনার জয় দুটি। আর্জেন্টিনার দুটি জয়ের মধ্যে রয়েছে ১৯৮৬ সালের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনাল, যেখানে ডিয়েগো ম্যারাডোনার ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। অন্য জয়টি আসে ১৯৯৮ সালের শেষ ষোলোতে, পেনাল্টি শুটআউটে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আর্জেন্টিনার দুটি জয়ের সময়ই তারা ঐতিহ্যবাহী হোম জার্সির বদলে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরেছিল। সেই ইতিহাসও এবার নীল জার্সি পরার আগ্রহের পেছনে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য কুসংস্কারের বাইরেও জার্সি পরিবর্তনের একটি বাস্তব কারণ রয়েছে। ফিফা সেমিফাইনালে ইংল্যান্ডকে হোম দল হিসেবে তালিকাভুক্ত করেছে। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আর্জেন্টিনাকে অ্যাওয়ে কিট পরেই মাঠে নামতে হতে পারে।


  বিষয়:   আর্জেন্টিনা  ইংল্যান্ড  নীল জার্সি  ফিফা  ২০২৬ বিশ্বকাপ  কাবালা 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: