সাধারণ যাত্রীদের ভোগান্তি সরেজমিনে দেখতে ছদ্মবেশে বাসে উঠেছিলেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। কিন্তু ভাংতি টাকা না থাকায় টিকিট না দিয়ে তাকে বাস থেকে নেমে যেতে বলেন কন্ডাক্টর। এ ঘটনায় প্রতিদিনের যাত্রী দুর্ভোগের বাস্তব চিত্র নিজেই অনুভব করেন মন্ত্রী।
সাধারণ যাত্রীদের সমস্যার বাস্তব চিত্র জানতে শনিবার (১১ জুলাই) মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা বেঙ্গালুরুর বিভিন্ন রুটে ১০টিরও বেশি বিএমটিসি (বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন) বাসে ছদ্মবেশে ভ্রমণ করেন কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরিদর্শনের সময় যাত্রীদের দীর্ঘদিনের নানা অভিযোগের সত্যতা নিজ চোখে দেখেন মন্ত্রী। এর মধ্যে হেব্বাল-নাগশেট্টিহল্লি রুটের একটি বাসে টিকিট কাটতে গিয়ে তিনি ১০০ রুপির নোট দিলে কন্ডাক্টর ভাংতি না থাকার অজুহাতে টিকিট দিতে অস্বীকৃতি জানান এবং তাকে বাস থেকে নেমে যেতে বলেন। এতে সাধারণ যাত্রীরা প্রতিদিন যে সমস্যার মুখোমুখি হন, তা সরাসরি উপলব্ধি করেন তিনি।
এ ছাড়া ফ্যান ওয়ার্ল্ড বাসস্টপে এক যাত্রীর নামার সংকেত উপেক্ষা করে একটি বাস না থামানোর অভিযোগও পান মন্ত্রী। ঘটনাটি যাচাই করে সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ডাক্টরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের এক পর্যায়ে নাগশেট্টিহল্লি এলাকায় এক অটোরিকশাচালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে বিরোধেও হস্তক্ষেপ করেন সুরেশ। অভিযোগ ছিল, মিটারে ৩০ রুপি ভাড়া দেখালেও চালক যাত্রীর কাছে ৩৬ রুপি দাবি করছিলেন।
অভিযান শেষে পরিবহনমন্ত্রী বলেন, যাত্রীসেবার মান উন্নয়ন, পরিবহন কর্মীদের জবাবদিহি নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখতে বেঙ্গালুরুজুড়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।