
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন গ্রাহামের দপ্তরের যোগাযোগ পরিচালক।
বিবৃতিতে বলা হয়, আকস্মিক ও স্বল্প সময়ের অসুস্থতার পর শনিবার সন্ধ্যায় লিন্ডসে গ্রাহাম মারা যান। তবে তাঁর অসুস্থতার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এতে আরও বলা হয়, ‘সিনেটর গ্রাহামের পরিবার সবার প্রার্থনার জন্য কৃতজ্ঞ এবং এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।’
সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান নেতা লিন্ডসে গ্রাহাম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তবে পরবর্তী সময়ে তিনি ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং ক্যাপিটল হিলে তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন হয়ে ওঠেন।
গ্রাহাম ২০০২ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন। এর আগে ১৯৯৪ সালে সাউথ ক্যারোলাইনার থার্ড কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তিনি সিনেট বাজেট কমিটির চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি বিষয়ে রিপাবলিকান পার্টির অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন।