হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরবেষ্টিত পূর্ব রুহিতনশী গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে ইতালিপ্রবাসী একটি পরিবার। পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ইতালির নাগরিক ৮ বছর বয়সী শিশু আরশিয়া (আমেনা)। আকস্মিক এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার (১১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে বাড়ির পাশের বর্ষার পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে স্বজনদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর মা জান্নাত (মৌসুমী) ও স্বজনরা জানান, আরশিয়া ইতালির নাগরিক। তার বাবার বাড়ি রাজধানী ঢাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাওরবেষ্টিত পূর্ব রুহিতনশী গ্রামের বাসিন্দা ইলিয়াস তালুকদারের নাতনি আরশিয়া (আমেনা) পরিবারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার (১০ জুলাই) রাত ৯টার পর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ বিষয়ে শিশুটির এক মামা মোবাইল ফোনে জানান, তাদের বাবার বাড়ি ঢাকায়। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
খবর পেয়ে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, শিশুটি রাতে নিখোঁজ হয়েছিল, বিষয়টি আমাদের জানানো হয়নি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি, সে পানিতে পড়ে ডুবে মারা গেছে।
মর্মান্তিক এ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।