ফিফা বিশ্বকাপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করার পর এবার ফাইনালের মঞ্চেও পারফর্ম করতে যাচ্ছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হাফটাইম শোতে বিশ্বের আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পীর সঙ্গে অংশ নেবেন তিনি।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে প্রায় ১১ মিনিটের এই বিশেষ আয়োজনটি হবে সুপার বোলের আদলে নির্মিত হাফটাইম শো। ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
সম্প্রতি ‘দ্য ক্যাপিটাল ইভনিং শো উইথ জিমি হিল’-এ দেওয়া এক সাক্ষাৎকারে শাকিরা জানান, এবারের হাফটাইম শো হতে যাচ্ছে ‘একেবারে ঐতিহাসিক’। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর এবার ফাইনালের জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন, যাতে দুটি পরিবেশনার মধ্যে ভিন্নতা ও নতুনত্ব থাকে।
শাকিরা জানান, এই বিশেষ আয়োজনে তার সঙ্গে থাকবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, বিটিএস এবং কোল্ডপ্লে-সংশ্লিষ্ট শিল্পীরা। তাদের সম্মিলিত পরিবেশনা বিশ্বকাপের ফাইনালকে আরও বর্ণিল করে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিরা বলেন, সবাই মিলে বসে পুরো আয়োজনের পরিকল্পনা করা হবে। কীভাবে এই পরিবেশনা দর্শকদের জন্য স্মরণীয় করে তোলা যায়, সে বিষয়েই এখন কাজ চলছে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, ভক্তদের মতো তিনিও এই আয়োজন নিয়ে সমানভাবে রোমাঞ্চিত।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ফাইনালে পূর্ণাঙ্গ হাফটাইম শোর আয়োজন করা হচ্ছে। ফুটবল ও সংগীতের এই ব্যতিক্রমী মেলবন্ধন ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।