টানা ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও প্লাবনের কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়ির ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) রিজার্ভারের পানি দূষিত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ পরিস্থিতিতে নগরবাসীকে রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পাশাপাশি সব ধরনের পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১০ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ওয়াসা জানায়, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কয়েকটি এলাকায় প্লাবনের পানি গ্রাহকদের আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে প্রবেশ করছে। এতে সংরক্ষিত পানি দূষিত হয়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
এ কারণে বাসাবাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার দ্রুত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পান করার আগে অবশ্যই পানি ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পানিবাহিত রোগের ঝুঁকি কমানো যায়।
চট্টগ্রাম ওয়াসা আরও জানিয়েছে, রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ বা কারিগরি সহায়তা দিতে তাদের সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
সহায়তার জন্য গ্রাহকদের মড-১: ০১৩২৪-৭১২৪৩১, মড-২: ০১৩২৪-৭১২৪৩২, মড-৩: ০১৩২৪-৭১২৪১১ এবং মড-৪: ০১৩২৪-৭১২৪২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।