বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং এখনও শেষ হয়নি। বর্তমানে ছবিটির শুটিং পুরোদমে চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসের মধ্যে শুটিং শেষ হবে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।
‘কিং’ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হলো—এতে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খান। বাবা-মেয়ের এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ নির্মিত ছবিটির শুটিং প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিনেমাটির নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি রুপি বলে জানা গেছে। তবে এই বাজেটের মধ্যে প্রচার-প্রচারণার খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়।
নির্মাতাদের দাবি, ‘কিং’-এ আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য ও অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) ব্যবহার করা হচ্ছে। ভিএফএক্সের দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
এটি সুহানা খানের প্রথম পূর্ণাঙ্গ বড় পর্দার সিনেমা হওয়ায় প্রকল্পটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহরুখ। শুরুতে সীমিত পরিসরে পরিকল্পনা করা হলেও পরে সিনেমাটিকে আরও বড় বাজেট ও পরিসরে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এর আগে তার ‘জাওয়ান’-এর বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’-এর বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি।
সিনেমাটিতে শাহরুখ ও সুহানা ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও খরাজ মুখার্জি। সংগীত পরিচালনা করছেন সচিন-জিগর।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, চলতি বছরের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘কিং’।