নীলফামারীর সৈয়দপুরে মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর মো. খুরশিদ (৫২)। পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তার অসুস্থতায় চরম অনিশ্চয়তায় পড়েছে স্ত্রী ও দুই সন্তানের চার সদস্যের পরিবার। ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে না পেরে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
জানা গেছে, সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি আমিন মোড় এলাকার বাসিন্দা খুরশিদ পেশায় ট্রাঙ্ক বাক্স ও বালতি তৈরির মিস্ত্রি। দৈনিক আয়ের ওপর নির্ভর করেই চলত তার সংসার। স্ত্রী, নবম শ্রেণিতে পড়ুয়া ১৭ বছর বয়সী ছেলে এবং তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী মেয়েকে নিয়ে ছিল ছোট্ট সুখের পরিবার।
কয়েক মাস আগে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার মুখগহ্বরের ক্যান্সার (বুকাল মিউকোসা ক্যান্সার) ধরা পড়ে। এরপর থেকেই কর্মক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি।
এদিকে চিকিৎসার খরচ জোগাতে ধারদেনা করে ইতোমধ্যে কয়েক লাখ টাকা ব্যয় করেছে পরিবার। বিভিন্ন মসজিদে সাহায্যের আবেদন এবং সমাজের সহৃদয় মানুষের সহযোগিতায় এতদিন চিকিৎসা চললেও বর্তমানে অর্থসংকটের কারণে তা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জাহান আফরোজা লাকীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খুরশিদকে ৭ থেকে ৮টি কেমোথেরাপি নিতে হবে। প্রতিটি কেমোথেরাপিতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। এছাড়া প্রতিদিন ওষুধ বাবদ খরচ হচ্ছে প্রায় ৭০০ টাকা। পরবর্তী ধাপে রেডিওথেরাপি শুরু হলে আরও কয়েক লাখ টাকা প্রয়োজন হবে।
খুরশিদের স্ত্রী বলেন, আমাদের সংসারে আর কোনো আয়ের উৎস নেই। স্বামীর চিকিৎসা চালানো তো দূরের কথা, সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও খুব দুশ্চিন্তায় আছি।
অসুস্থ খুরশিদ বলেন, সারাদিন শুধু ভাবি, আমি যদি না থাকি তাহলে আমার ছোট ছোট সন্তানদের কে দেখবে? কীভাবে চলবে তাদের জীবন?
এদিকে বাবার চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়ে আবেগঘন আবেদন জানিয়েছে খুরশিদের ৯ বছর বয়সী মেয়ে। সে বলে, "আমি শুধু চাই আমার বাবা আগের মতো সুস্থ হয়ে ফিরে আসুক। সবাই যদি একটু সাহায্য করেন, তাহলে হয়তো আমার বাবাকে বাঁচানো যাবে।"
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমাজসেবী সংগঠন চিকিৎসা সহায়তা দিতে চাইলে মো. খুরশিদের বিকাশ ও যোগাযোগ নম্বর ০১৭৭৬-০০৬০৯৬-এ যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি চিকিৎসা সহায়তার মাধ্যমে পাশে দাঁড়াতে পারবেন।