ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া লাখ লাখ রুপির একটি অংশ পরিবার, বন্ধু ও প্রেমিকার পেছনে খরচ করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এক অভিযুক্ত। এমনটাই জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
অভিযোগ রয়েছে, চুরি করা অর্থ দিয়ে প্রেমিকাকে দামি আইফোন উপহার দেওয়া হয় এবং ভাইয়ের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনেও অর্থ ব্যয় করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া নগদ অর্থের একটি অংশ অভিযুক্তদের একজন বিলাসবহুল সামগ্রী কেনা ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।
সূত্র জানায়, দান চুরির ঘটনায় অভিযুক্ত আটজন গণনাকর্মীর একজন অবিনাশ শুক্লার কথিত স্বীকারোক্তি থেকে এসব তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অভিযোগ, চুরি করা অর্থ দিয়ে একটি দামি আইফোন কেনা এবং ভাইয়ের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের খরচ বহন করা হয়েছে।
পুলিশ চুরি হওয়া অর্থের গতিপথ অনুসন্ধান করতে গিয়ে জিজ্ঞাসাবাদে শুক্লার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে সূত্রের দাবি। এ ঘটনায় কোটি কোটি ভক্তের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, চুরি হওয়া অর্থের পরিমাণ কয়েক কোটি রুপি বলে ধারণা করা হচ্ছে। তবে শুক্লা স্বীকার করেছেন, তিনি প্রায় ১৯ লাখ রুপি নিজের, পরিবারের সদস্য ও বন্ধুদের পেছনে ব্যয় করেছেন।
এর মধ্যে এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৬ লাখ রুপি খরচ করা হয়েছে। এছাড়া আরেক ভাইকে ৫ থেকে ৬ লাখ রুপি দেওয়ার অভিযোগ রয়েছে।
সূত্র আরও জানিয়েছে, অভিযুক্ত তার প্রেমিকাকে একটি আইফোন উপহার দেওয়ার পাশাপাশি তার ব্যাংক হিসাবে ২ লাখ ৫০ হাজার রুপি স্থানান্তর করেছেন।
এর আগে এনডিটিভির হাতে আসা পুলিশি নথিতে দেখা যায়, শুক্লা প্রায় ২০ লাখ রুপি নিজের কাছে রেখেছিলেন, যা সন্দেহভাজনদের মধ্যে সর্বোচ্চ।
বর্তমানে তদন্তকারীরা অর্থ লেনদেন, ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট সম্পদের তথ্য যাচাই করছেন। চুরি হওয়া অর্থের পূর্ণ গতিপথ শনাক্ত করে অভিযোগ গঠনের প্রস্তুতি চলছে।