পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে অন্তত ১৯ সশস্ত্র সদস্য নিহত হয়েছে।
অন্যদিকে, সংঘর্ষে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলির সময় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য প্রাণ হারিয়েছেন।
নিরাপত্তা সূত্র জানায়, বুধবার এন-২৫ মহাসড়কের ঝাও ক্রস ও কারারো এলাকার মধ্যবর্তী স্থানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে তীব্র গোলাগুলি চলে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মহাসড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।
সংঘর্ষের পর আশপাশের এলাকায় সন্ত্রাসীদের শনাক্ত ও ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রদেশের মহাসড়কগুলো নিরাপদ রাখার লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বেলুচিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত সোমবার গভীর রাতে বেলুচিস্তানের জিয়ারত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন।