বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (৮ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি(পি)।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা এবং বেবিচক চেয়ারম্যানের তত্ত্বাবধানে বেবিচকের অর্থায়নে পরিচালিত এই শাটল সার্ভিস বিমানবন্দর–বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়–বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা–বিমানবন্দর রুটে চলাচল করবে।
এর মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে, দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াতের সুযোগ পাবেন। বিশেষ করে প্রবীণ, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এ সেবা বিশেষভাবে উপকারী হবে।
বেবিচকের মতে, এই উদ্যোগ ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট নিরসন, পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং সামগ্রিক যাত্রীসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন, চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে সম্পূর্ণ বিনামূল্যের এই শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ চলাচল এবং উন্নত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই অঙ্গীকারকে সামনে রেখে বেবিচক ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।