দেশেই তৈরি হচ্ছে সমুদ্র গবেষণার বিশেষ জাহাজ

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

বঙ্গোপসাগরে গবেষণার সক্ষমতা বাড়াতে প্রথমবারের মতো নিজস্ব আধুনিক গবেষণা জাহাজ নির্মাণ করছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি)। খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন

2026-07-05T17:45:40+00:00
2026-07-05T17:45:40+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
বাণিজ্য
দেশেই তৈরি হচ্ছে সমুদ্র গবেষণার বিশেষ জাহাজ
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:৪৫ পিএম 
সমুদ্র গবেষণা ইনস্টিটিউট: দেশেই তৈরি হচ্ছে সমুদ্র গবেষণার বিশেষ জাহাজ
বঙ্গোপসাগরে গবেষণার সক্ষমতা বাড়াতে প্রথমবারের মতো নিজস্ব আধুনিক গবেষণা জাহাজ নির্মাণ করছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি)। খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন ৩২ মিটার দীর্ঘ এই জাহাজ চালু হলে দেশের বিজ্ঞানীরা গভীর ও অগভীর সমুদ্রে নিয়মিত গবেষণা চালাতে পারবেন, যা সামুদ্রিক সম্পদ অনুসন্ধান ও জলবায়ু গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রায় ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) নিয়ে গবেষণার সক্ষমতা বাড়াতে বোরির দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে ৩২ মিটার দীর্ঘ একটি আধুনিক গবেষণা জাহাজ। পাশাপাশি তৈরি হবে দুটি ২৫ ফুট দৈর্ঘ্যের দ্রুতগতির স্পিডবোট।

প্রকল্পটির জন্য প্রায় ১৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বোরি ও খুলনা শিপইয়ার্ড-এর মধ্যে চুক্তি অনুযায়ী ২০২৮ সালের জুনের মধ্যে গবেষণা জাহাজ এবং আগামী এক বছরের মধ্যে দুটি স্পিডবোট নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে। গত ১৬ জুন খুলনা শিপইয়ার্ডে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাহাজটির নকশা করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কিল মেরিন। নকশাটি কুয়েতের পরিবেশ সংস্থার ব্যবহৃত গবেষণা জাহাজের আদলে তৈরি। জাহাজের বিভিন্ন যন্ত্রপাতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ, চীন, তুরস্ক ও সিঙ্গাপুর থেকে সংগ্রহ করা হবে।

২০১৬ সালে কক্সবাজারের রামুতে প্রতিষ্ঠিত বোরির বিজ্ঞানীরা এতদিন মাছ ধরার ট্রলার কিংবা অন্যান্য সংস্থার জাহাজের ওপর নির্ভর করে গবেষণা চালাতেন। ফলে গভীর সমুদ্রে নিয়মিত গবেষণা সম্ভব হতো না।

নির্মাণাধীন জাহাজটিতে থাকবে সমুদ্রের বিভিন্ন গভীরতার পানির নমুনা সংগ্রহ, তাপমাত্রা, লবণাক্ততা, দ্রবীভূত অক্সিজেন, ক্লোরোফিল ও পুষ্টি উপাদান বিশ্লেষণ, সমুদ্রতলের পলি ও খনিজ অনুসন্ধান, সামুদ্রিক জীববৈচিত্র্য, মাছের অবস্থান নির্ণয়, সমুদ্রস্রোত পর্যবেক্ষণ, ঢেউ থেকে শক্তি উৎপাদনের সম্ভাবনা যাচাই এবং তেল-গ্যাস অনুসন্ধান-সংক্রান্ত তথ্য সংগ্রহের অত্যাধুনিক প্রযুক্তি।

জাহাজে থাকবে তিনটি বিশেষায়িত গবেষণাগার—ওয়েট ল্যাব, ড্রাই ল্যাব এবং ডেটা বিশ্লেষণ ল্যাব। সমুদ্র থেকে সংগ্রহ করা নমুনা জাহাজেই পরীক্ষা করা যাবে এবং স্যাটেলাইটের মাধ্যমে তথ্য সরাসরি গবেষণা কেন্দ্রেও পাঠানো সম্ভব হবে।

একসঙ্গে ২৩ জন বিজ্ঞানী ও ক্রু সদস্য জাহাজে অবস্থান করতে পারবেন। তারা টানা ৮ থেকে ১০ দিন সমুদ্রে থেকে ২৪ ঘণ্টা গবেষণা পরিচালনা করতে পারবেন।

বোরির পরিবেশ ওশানোগ্রাফি ও জলবায়ু বিভাগের প্রধান জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মো. মাহবুব-ই-কিবরিয়া বলেন, নতুন জাহাজের মাধ্যমে সমুদ্রতলের পলি, মাইক্রোপ্লাস্টিক, ভারী ধাতু ও বিভিন্ন সামুদ্রিক জীবের নমুনা সংগ্রহ করে দূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সমুদ্রের কার্বন সংরক্ষণের সক্ষমতা নিয়ে আরও বিস্তৃত গবেষণা করা সম্ভব হবে। পাশাপাশি মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর বিস্তার এবং আবাসস্থল সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

গবেষণা জাহাজ পরিচালনার সুবিধার্থে কক্সবাজারের খরুশকূল এলাকায় পন্টুন, জেটি ও গ্যাংওয়ে নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে জেটির সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাবও পাঠানো হয়েছে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: