দেশের গাড়ির বাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে চীনের স্বনামধন্য গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান FAW চাঙ্গান। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারের জন্য তাদের আধুনিক মাইক্রোবাস ও পিকআপের লাইনআপ উন্মোচন করেছে।
শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে FAW চাঙ্গানের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিযোগিতামূলক দামে উন্নতমানের যানবাহন সরবরাহ করাই তাদের প্রধান লক্ষ্য। প্রাথমিক পর্যায়ে প্রচলিত জ্বালানিচালিত মডেল বাজারে আনা হলেও ভবিষ্যতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি সংযোজনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বাংলাদেশে শুধু গাড়ি বিক্রির মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চায় না FAW চাঙ্গান। স্থানীয়ভাবে এসেম্বলি কারখানা স্থাপনের পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার পরিকল্পনাও রয়েছে তাদের। একই সঙ্গে ভবিষ্যতে দেশের রপ্তানি খাতেও ভূমিকা রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে FAW চাঙ্গানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা শুধু যানবাহন আনছি না, বরং বাংলাদেশের মানুষকে এগিয়ে নেওয়ার একটি মাধ্যম তৈরি করছি। FAW চাঙ্গান হবে আস্থা ও নির্ভরতার প্রতীক।
প্রতিষ্ঠানটির নতুন এই যাত্রাকে দেশের পরিবহন ও অটোমোবাইল খাতে একটি সম্ভাবনাময় সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তি, প্রতিযোগিতামূলক মূল্য এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের বাজারে শক্ত অবস্থান তৈরির লক্ষ্য নিয়েই এগোচ্ছে FAW চাঙ্গান।