দেশের প্রান্তিক পর্যায়ের চা-দোকানি বাবা-মায়ের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী সন্তানদের সম্মান জানাতে তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’-এর আবেদন কার্যক্রম।
জিপিএ-৫ পাওয়া আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত এ আয়োজনে আবেদন করতে পারবেন। মঙ্গলবার মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের মিডিয়া রিলেশনসের সিনিয়র ম্যানেজার হুমায়ুন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও সন্তানদের ভবিষ্যৎ গড়তে দেশের বিভিন্ন প্রান্তে হাজারো চা-দোকানি বাবা-মা নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। তাঁদের ত্যাগ ও পরিশ্রমের স্বীকৃতি দিতে এবং তাঁদের কৃতী সন্তানদের উৎসাহিত করতে নাম্বার ওয়ান ব্র্যান্ড টানা তৃতীয়বারের মতো এ সংবর্ধনার আয়োজন করছে।
আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থী ও তাঁদের বাবা-মাকে ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন শিক্ষা বৃত্তির পাশাপাশি এইচএসসির সব বিষয়ের অনলাইন কোর্স, সনদ, ক্রেস্ট ও বিশেষ উপহার পাবেন।
আগ্রহী শিক্ষার্থীরা www.no1family.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আয়োজকরা জানান, গত দুই বছরেও ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা’ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের চা-দোকানি বাবা-মা ও তাঁদের মেধাবী সন্তানদের সম্মানিত করা হয়েছে। এবারও প্রান্তিক পরিবারের সন্তানদের সাফল্যের পাশাপাশি তাঁদের বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও সংগ্রামকে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।