দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩২ শিশুর শরীরে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২১৩ শিশু নতুন করে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৮১৯ জন। একই সময়ে ৭৮৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৭৮২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪ জন।
এ পর্যন্ত হাম আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের মধ্যে মোট ৯০ হাজার ৫২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।