নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। এমন পরিস্থিতিতে বরগুনার তালতলী উপজেলার পর্যটনকেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন এক কিশোর পর্যটক। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের উপস্থিতিতে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
নিখোঁজ কিশোরের নাম মো. আসাদুল (১৬)। তিনি বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার বাসিন্দা মো. মুসার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আসাদুলসহ পাঁচ বন্ধু শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। পরে তারা সমুদ্রে গোসল করতে নামলে কয়েকদিনের নিম্নচাপজনিত উত্তাল সাগরের প্রবল স্রোতে সবাই ভেসে যান। স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার পর আসাদুল কিছুক্ষণ সমুদ্রে মাছ ধরার জন্য পোঁতা একটি খুঁটি ধরে ছিলেন। তবে একপর্যায়ে তিনি খুঁটি ছেড়ে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, "দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নামেন। এ সময় আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।"