ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। দলের পরাজয়ের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আবেগঘন এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল ও প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেইমারের ছবি শেয়ার করে লেখেন, ‘একটি যুগের সমাপ্তি। ধন্যবাদ, নেইমার জুনিয়র, ব্রাজিলের জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য।’
অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ট্রফি নয়, স্মৃতির জন্যই নেইমার ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি লেখেন, হয়তো বিশ্বকাপ ট্রফিটা তোমার হাতে উঠল না, কিন্তু কোটি ভক্তের হৃদয়ে তুমি চিরকাল কিংবদন্তি হয়ে থাকবে।
ম্যাচের আগে আত্মবিশ্বাসী পোস্ট দিলেও পরাজয়ের পর নীরব হয়ে যান অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অন্যদিকে অভিনেতা জিয়াউল হক পলাশ নেইমারকে বিদায় জানিয়ে লেখেন, একটা যুগের সমাপ্তি, কিন্তু কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না।
উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ ম্যাচ চলাকালে উত্তেজনা প্রকাশ করে পোস্ট দিলেও শেষ বাঁশির পর আর কোনো প্রতিক্রিয়া জানাননি। গায়িকা পড়শী ব্রাজিলকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘সবসময় ব্রাজিল।’ পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির প্রতিও শুভকামনা জানান তিনি।
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে জানান, সুখ-দুঃখ সব সময়ই তিনি প্রিয় দলের পাশে থাকবেন। আর অভিনেত্রী সাফা কবির পরাজয়ে হতাশ হলেও আশাবাদী কণ্ঠে লেখেন, ‘ইনশাআল্লাহ, নেক্সট টাইম!
এদিকে অভিনেতা মো. সাইদুর রহমান পাভেল ব্রাজিলের একের পর এক গোলের সুযোগ নষ্ট হওয়ার প্রসঙ্গ টেনে রসিকতা করে লেখেন, ‘এতগুলা সুযোগ পাইলে মানুষ ৩/৪টা বিয়া করতো...!
বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেলেও বাংলাদেশের শোবিজ তারকাদের পোস্টে স্পষ্ট—পরাজয় কিংবা নেইমারের বিদায়, কোনো কিছুই তাদের ব্রাজিল-ভালোবাসা কমাতে পারেনি।