অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন অভিনয় ও নির্মাণে আগের তুলনায় কম সক্রিয় হলেও রাজনৈতিক বিভিন্ন মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক মাধ্যমে একটি আপত্তিকর করায় ব্যাপক সমালোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শাওনের বন্ধু ও লেখক তামান্না সেতু। তার দাবি, অতিরিক্ত রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ শাওনের অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তামান্না সেতু লেখেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’
তামান্না সেতু আরও উল্লেখ করেন, এ তথ্য তাকে নিজেই জানিয়েছেন মেহের আফরোজ শাওন।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা।