ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সুখবর জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। প্রথমবারের মতো প্রকাশ্যে জানালেন, তিনি মা হতে চলেছেন। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের সামনে তুলে ধরেছেন নিজের দ্বিতীয় স্বামী আবদুল ওয়াদুদকে।
শুক্রবার (৪ জুলাই) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মৌসুমী হামিদ এই সুখবর জানান। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবেই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন, যাতে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না হয়।
অভিনেত্রী বলেন, আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। তাই স্বামীকে সঙ্গে নিয়ে এসেছি মা হওয়ার খবরটি জানাতে। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।

অনুষ্ঠানেই জানা যায়, এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে ও কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। শুধু জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে এবং এখন তারা নতুন অতিথিকে ঘিরেই সময় কাটাতে চান।
স্বামীর পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে দোয়া চাই।
অভিনেত্রীর এই ঘোষণা প্রকাশ্যে আসার পর ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।