বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের আবারও বিয়ের ঘণ্টা বাজছে। নতুন করে বিয়ের পিঁড়িতে বসার খবরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। কেমন হচ্ছে বিয়ের আয়োজন, কারা থাকছেন অতিথি তালিকায়, আর কী থাকছে বিশেষ চমক—এসব নিয়েই এখন বলিউডে চলছে জোর আলোচনা।
রোববার (৫ জুলাই) প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি।
কিছুদিন আগেই গৌরীর সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির। গেল জুন মাস থেকেই তিনি চুপিসারে তৃতীয় বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। আজ নিজের বাসভবনে বিয়ে সারবেন অভিনেতা।
তবে জানা গেছে, বলিউডের আর দশটা জমকালো বিয়ের মতো এই আয়োজনে কোনো বাহুল্যতা থাকছে না। কোনো বিলাসবহুল হোটেল বা বড় রিসোর্টের পরিবর্তে আমির নিজের বান্দ্রার বাসভবনে বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্পূর্ণ ঘরোয়া ও অত্যন্ত সাদামাদা পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এই বিয়েতে আমন্ত্রিত অতিথির তালিকাও বেশ সংক্ষিপ্ত। দুই পরিবারের সদস্য, অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ কিছু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তবে এই আনন্দঘন মুহূর্তের অন্যতম আকর্ষণীয় দিক হলো আমিরের পূর্বের সম্পর্কগুলোর প্রতি সম্মান। জানা গেছে, আমিরের সাবেক দুই স্ত্রী এবং সন্তানেরাও এই বিয়েতে অংশ নেবেন। ফলে এটি কেবল দুজনের বিয়ে নয়, বরং পরিবারগুলোর এক হওয়ার বিশেষ এক উৎসবে পরিণত হতে যাচ্ছে।
সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ করে আমির তার এই সাদামাদা আয়োজনের ইচ্ছার কথা জানান। তিনি উল্লেখ করেন, যেকোনো বড় উদযাপনের চেয়ে পরিবারের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে তিনি সবার কাছে ভালোবাসা, শুভকামনা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।
ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বিচ্ছেদ পরবর্তী সময়েও তিনি তার পূর্বের পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছেন।
অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে এবং তার একটি পুত্রসন্তান রয়েছে। আমিরের তিন সন্তানসহ মোট চার সন্তানই বাবার এই নতুন পথচলায় পাশে থেকে আনন্দ উদযাপনে শামিল হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পুরো বলিউড পাড়ায় এখন এই বিয়ে নিয়ে জোর চর্চা চলছে। বিয়ের জাঁকজমক বাদ দিয়ে পরিবারের গুরুত্ব এবং আপনজনদের নিয়ে এমন সরল উদযাপন অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে।
সব পরিকল্পনা নিজেরাই করেছেন : অতিথির তালিকা থেকে শুরু করে বিয়ের মধ্যাহ্নভোজের মেনু—সবকিছুই নিজেরা ঠিক করেছেন আমির ও গৌরী। এমনকি অতিথিদের জন্য পরিবেশিত খাবারের প্রস্তুতিও তাঁরা নিজেরা তদারকি করেছেন।
একটি সূত্রের ভাষ্য, ‘এটি কোনো তারকাসুলভ জাঁকজমকপূর্ণ আয়োজন নয়। আমির ও গৌরী চেয়েছেন, দিনটি যেন শুধুই পরিবারের মানুষ ও সবচেয়ে কাছের বন্ধুদের সঙ্গে কাটে।’
পছন্দের খাবারেই সাজানো ভোজ : বিয়ের আনুষ্ঠানিকতার পর অতিথিদের জন্য থাকবে বিশেষ মধ্যাহ্নভোজ। সূত্রের দাবি, মেনু তৈরিতে দুজনের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমির ও গৌরী দুজনই তাঁদের প্রিয় খাবারগুলো রাখতে বলেছেন। অনুষ্ঠানটি যতটা সম্ভব আন্তরিক ও পারিবারিক আবহে আয়োজনের চেষ্টা করা হয়েছে।
থাকবেন সন্তানেরা, আমন্ত্রণ ঘনিষ্ঠ বন্ধুদের : বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খান। এ ছাড়া আমন্ত্রণ পেয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীদের কয়েকজন। তাঁদের মধ্যে রয়েছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর ও রাজকুমার হিরানি। বলিউডের আরও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
সবার দোয়া চাই : বৃহস্পতিবার মুম্বাইয়ে নতুন সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র প্রচারণায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমবারের মতো বিয়ের খবর নিশ্চিত করেন আমির খান। তিনি বলেন, ‘৫ জুলাই আমাদের বিয়ে। একেবারেই ছোট পরিসরে, নিজের বাড়িতেই আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। আমরা খুব সীমিত পরিসরে উদ্যাপন করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে থাকতে পারি এবং জীবনের নতুন পথচলা সুন্দর হয়।’
২৫ বছরের পরিচয়, পরে প্রেম : গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের পরিচয় প্রায় ২৫ বছরের। তবে দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও কয়েক বছর আগে আবারও তাঁদের দেখা হয়। পুরোনো বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয়।
২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। তখনই তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে গৌরীর মধ্যে তিনি এমন এক ধরনের শান্তি ও স্থিরতা খুঁজে পেয়েছেন, যা আগে কখনো অনুভব করেননি।
একাধিক সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘আমি এমন একজন মানুষকে খুঁজছিলাম, যার সঙ্গে শান্তিতে থাকতে পারব। গৌরীর মধ্যে আমি সেই মানুষটিকেই খুঁজে পেয়েছি।’
আরেক সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে গৌরী আমার জীবনে এসেছে। মনে হয়, জীবনের এই পর্যায়ে এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।’
কে এই গৌরী স্প্র্যাট : বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স্প্র্যাট পেশায় একজন উদ্যোক্তা ও লাইফস্টাইল–সংশ্লিষ্ট পেশাজীবী। দীর্ঘদিন একটি পরিচিত স্যালন ও বিউটি চেইনের সঙ্গে কাজ করার পর বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের সঙ্গেও যুক্ত আছেন। আগের সংসারে তাঁর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।
গৌরী বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি ভদ্র, যত্নশীল ও মানবিক। আমিরকে তিনি কখনো সুপারস্টার হিসেবে দেখেননি, বরং একজন নির্ভরযোগ্য মানুষ ও সঙ্গী হিসেবে দেখেছেন।
এটি আমিরের তৃতীয় বিয়ে : এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে জন্ম নেয় দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের ছেলে আজাদ রাও খান। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। সন্তানের সহ-অভিভাবক হিসেবে একসঙ্গেই দায়িত্ব পালন করছেন।
অবশেষে নতুন জীবনের শুরু : কয়েক মাস ধরেই আমির ও গৌরীর বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ ঘরোয়া আয়োজনে নতুন জীবনের পথে হাঁটছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। আলোঝলমলে তারকাদের ভিড় নয়, বরং পরিবারের মানুষ, কাছের বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা নিয়েই শুরু হচ্ছে তাঁর জীবনের নতুন অধ্যায়।