প্রতি বছরের মতো এবারও বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বাঙালি আয়োজন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-এর ৪৬তম আসর। তিন দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে দুই বাংলার সাংস্কৃতিক মিলনমেলা।
এবারের আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, চিত্রনায়ক ইমন এবং লেখক সাদাত হোসেনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সম্মেলনে উপস্থিত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা যীশু সেনগুপ্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, পায়েল সরকারসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের একাধিক পরিচিত মুখ।
উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাংলা ভাষাভাষী মানুষ এই সম্মেলনে অংশ নিয়েছেন। সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছে পুরো আয়োজন। আয়োজকদের মতে, প্রবাসী বাঙালিদের জন্য এটি শুধু একটি উৎসব নয়, বরং মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ বাংলা চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ থেকে প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘সাবা’ ও ‘দম’। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রদর্শিত হচ্ছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘ডিপ ফ্রিজ’ এবং ‘দেবী চৌধুরানী’।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আলোচনা, মতবিনিময় এবং নানা সাংস্কৃতিক আয়োজন সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
সম্মেলনে অংশ নেওয়া চিত্রনায়ক ইমন বলেন, নর্থ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করে এখানে এসেছেন। এটি বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় মিলনমেলাগুলোর একটি। চারদিকে উৎসবমুখর পরিবেশ, সবাই একসঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করছেন।