বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়ের পর নতুন করে ভাইরাল হয়েছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। কয়েক বছর আগে মজার ছলে বলা সেই কথাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’–এর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা আমির খানের প্রসঙ্গ তুললে নিজের স্বভাবসুলভ রসিকতায় সালমান বলেন, ‘আমির একজন পারফেকশনিস্ট। বিয়ে একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে।’
সালমানের এই মন্তব্যে স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে আমিরের তৃতীয় বিয়ের পর সেটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে।
নেটিজেনদের অনেকেই বলছেন, মজার ছলে বলা সালমানের মন্তব্যটি সময়ের সঙ্গে যেন নতুন অর্থ পেয়েছে।
সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির খান। মুম্বাইয়ে ঘনিষ্ঠ পরিবার ও স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নবদম্পতির প্রথম ছবি প্রকাশের পর থেকেই অভিনন্দনের পাশাপাশি আলোচনায় উঠে আসে আমিরের ব্যক্তিগত জীবন।
এর আগে আমির প্রথম বিয়ে করেছিলেন রীনা দত্তকে। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অবশেষে তাকেই জীবনসঙ্গী করেছেন এই অভিনেতা।
অন্যদিকে, ৬০ বছর বয়সেও সালমান খান বলিউডের ‘চিরকুমার’ হিসেবেই পরিচিত। ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তিনি এখনো বিয়ে করেননি।
বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো রসিকতার আশ্রয় নেন সালমান। আর সেই কারণেই আমিরকে নিয়ে তার বহু বছর আগের মন্তব্যটি আবারও আলোচনায় উঠে এসেছে।