পরিবহন খাতে কথিত চাঁদাবাজি বন্ধের দাবিতে নীলফামারীর জলঢাকায় সড়ক অবরোধ করেছেন একদল পরিবহন মালিক। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এতে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচারী, স্থানীয় যাত্রী এবং ঢাকাগামী বাসের যাত্রীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ডিমলা থেকে মাগুরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে প্রতিটি গাড়ির কাছ থেকে প্রতিদিন প্রায় ৯০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। এই চাঁদা পরিশোধ করে পরিবহন পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব নয়।
জলঢাকা ট্রাভেলস ও পারফেক্ট ট্রাভেলসের মালিক মাজহারুল ইসলাম মিঠুন বলেন, বাংলাদেশের অন্য কোথাও এত বেশি চাঁদা দিতে হয় না। নিজ জেলাতেই প্রতিদিন এত টাকা চাঁদা দিতে বাধ্য হওয়া অযৌক্তিক। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর কোনো চাঁদা দিয়ে গাড়ি চালাব না।
অবরোধ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পরিবহন মালিক সাইফুল ইসলাম, সাগর ইসলাম, আব্দুল কাদের হৃদয়, খাদিমুল ইসলাম, আবু সাঈদ রাবু, জমির উদ্দিন ও মো. শাহ পরান।
পরে রাত ১১টার দিকে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবহন খাতে অবৈধ চাঁদা আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো পরিবহন মালিককে চাঁদা দিতে হবে না বলে আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।