হাইকোর্টের রায়ের পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুনরায় দায়িত্ব ফিরে পাচ্ছেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি।
ইউএনও জানান, চেয়ারম্যানদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ নাজমুল হাসান খানের স্বাক্ষরিত নির্দেশনা রবিবার (৫ জুলাই) তার কাছে পৌঁছেছে। সরকারি চিঠি হাতে পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।
দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন— তালেবপুর ইউনিয়নের মো. রমজান আলী, বায়রা ইউনিয়নের দেওয়ান মো. জিন্নাহ, চারিগ্রাম ইউনিয়নের মো. রিপন হোসেন, জয়মন্টপ ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, চান্দহর ইউনিয়নের মো. শওকত হোসেন, ধল্লা ইউনিয়নের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের মো. হালিম এবং জামির্ত্তা ইউনিয়নের আবুল হোসেন। তারা সবাই আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত চেয়ারম্যান। তবে জামশা ইউনিয়নের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান হাইকোর্টের সার্টিফায়েড কপি জমা না দেওয়ায় আপাতত দায়িত্বে ফিরছেন না।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ৩১ জুলাই জেলা প্রশাসনের আদেশে সিংগাইরের নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের পরিবর্তে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে চেয়ারম্যানরা পৃথকভাবে হাইকোর্টে রিট দায়ের করেন।
গত ৩ মার্চ শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রুল জারি করেন। পরে সেই রায়ের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা হাতে পেলেই তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করবেন।