বরগুনার তালতলীতে সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ করে গাছ কাটা, বনভূমি ক্ষতিগ্রস্ত করা এবং রাস্তা নির্মাণের অভিযোগে দায়ের করা বন বিভাগের এক মামলায় ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৫ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ছকিনা বিট অফিসের আওতাধীন নিদ্রারচর ডিসি পয়েন্ট এলাকায় সংরক্ষিত বনে ইউপি সদস্য মো. শহিদ আকনের নেতৃত্বে মাসুদ খান, সবুজ ফকির, কুদ্দুস (কুডি) মোল্লা ও মো. নেকিয়ার হোসেন অনাধিকার প্রবেশ করেন। তাদের বিরুদ্ধে বনের গাছ কেটে ফেলে সেখানে বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরির অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে ছকিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বাদী হয়ে বন আইনে ওই ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ।
মামলার আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী ও ছকিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বলেন, সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ, গাছ কাটা, বনভূমি ক্ষতিগ্রস্ত করা এবং রাস্তা নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় আদালত আসামিদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।