দেশে হামের প্রকোপ কমার লক্ষণ দেখা যাচ্ছে না। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।
রবিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। ফলে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০৬ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯২৫ জন। সব মিলিয়ে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১।
একই সময়ে নতুন করে ৮৭৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮। এর মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৩২ জন। এ সময় মোট ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।