দেশে হামের প্রকোপ কমার লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু।
শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে আরও ১০১ জনের। এ নিয়ে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৩ জনে।
এদিকে, নতুন মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকার এবং অন্যজন সিলেটের বাসিন্দা। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৩১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৩৮ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ৪ হাজার ৬৯৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ শিশুর। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ২১৯ জনে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৯৬৬ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৪ হাজার ২১৮ জন।