দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হলে রোগীর বাড়তি চাপ সামাল দিতে প্রয়োজন হলে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতির চাহিদা অনুযায়ী ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর প্রস্তুতিও রয়েছে, যাতে কোনো রোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
তিনি আরও জানান, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন ডা. জুবাইদা রহমান। এই সফরের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগ দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপসহ নতুন ল্যাবরেটরি যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। এর ফলে রোগীরা আরও উন্নত ও আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন।