দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে ১ হাজার ১০৭টি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের কারণে হয়েছে। বাকি ৬৩৬ শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। পরিস্থিতি মোকাবিলায় সরকারও নজরদারি ও চিকিৎসাসেবা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে।