তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দিনব্যাপী বিভিন্ন জনমুখী ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে নান্দাইলে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
পরে উপজেলা শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
বিকেল ৩টায় নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘তারুণ্য ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দিনের ব্যস্ত কর্মসূচির মধ্যেও রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেন প্রতিমন্ত্রী। তিনি সম্প্রতি প্রয়াত নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও নান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলীর বাসভবনে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।