মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সাক্ষাৎ শেষে তিনি জানান, আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন মির্জা আব্বাস এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
শনিবার (৪ জুলাই) মালয়েশিয়ায় মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও তার সহধর্মিণী। পরে নিজের ফেসবুক পোস্টে আলাল এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, মির্জা আব্বাস বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দলের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ রমজানে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।