ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি যাত্রীবাহী ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রায় ৪৫ মিনিট আকাশে চক্কর দেওয়ার পর বিমানটি নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নভোএয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। উড্ডয়নের ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ককপিটে ল্যান্ডিং গিয়ার (চাকা) স্বাভাবিকভাবে ওপরে না ওঠার সংকেত পাওয়া যায়। পরিস্থিতি মূল্যায়ন করে ক্যাপ্টেন ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
নিরাপদ অবতরণের জন্য বিমানের গতি ও ওজন নিয়ন্ত্রণে রাখতে উড়োজাহাজটি প্রায় ৪৫ মিনিট আকাশে অবস্থান করে। পরে সব ধরনের সতর্কতা অনুসরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ সম্পন্ন হয়।
ফ্লাইটটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন। তিনি জানান, আকস্মিক এ পরিস্থিতিতে বিমানের ভেতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের কান্না এবং স্বজনদের উদ্বেগপূর্ণ পরিবেশ সৃষ্টি হলেও কেবিন ক্রু ও পাইলট পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি সামাল দেন।
তিনি নিরাপদ অবতরণের জন্য পাইলট ও ক্রুদের প্রশংসা করে বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি এয়ারলাইনসগুলোর উড়োজাহাজের ফিটনেস ও রক্ষণাবেক্ষণ আরও কঠোরভাবে তদারকি করা প্রয়োজন। নিয়মিত পরিদর্শন নিশ্চিত না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উড়োজাহাজটির কারিগরি ত্রুটির কারণ খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে। বিমানটি পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।