রাজধানীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও দুর্যোগ-সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা বৃক্ষরোপণের মহাপরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দুর্যোগ প্রস্তুতি জোরদারে কাজ করবে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি নগরীর ১০টি অঞ্চলভিত্তিক বৃক্ষরোপণের বিস্তারিত মহাপরিকল্পনা প্রণয়ন করবে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গুলিস্তানের নগর ভবনে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সভায় প্রশাসক বলেন, নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করতে ডিএসসিসি অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, পরিবেশ সুরক্ষায় ‘জিরো সয়েল’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন সড়কের মিডিয়ানে প্রায় ১৮ হাজার গাছ রোপণ করা হয়েছে।
সভায় বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে অঞ্চলভিত্তিক পরিকল্পনার মাধ্যমে সমন্বিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া নগরীর দুর্যোগ ঝুঁকি কমাতে, বিশেষ করে সম্ভাব্য ভূমিকম্প মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত ১৬ জুন ডিএসসিসি এলাকায় একযোগে ৬০০টি চারা রোপণের মাধ্যমে চলতি বছরের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।