রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ধানমণ্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকা থেকে বখাটেদের ছত্রভঙ্গ করা হয় এবং ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
বুধবার (১ জুলাই) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্কুলের আশপাশে অবস্থানরত বখাটেদের সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান শেষে পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত ও সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচটি মামলা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে নিরাপদ, সুশৃঙ্খল ও যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এছাড়া নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।
করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করে বলা হয়েছে, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে অবৈধ দখল থেকে বিরত থাকা এবং জনস্বার্থে পরিচালিত অভিযানে সহযোগিতা করা সবার দায়িত্ব।