রক্তাক্ত আদাবর, কুপিয়ে হত্যা স্থানীয় বিএনপি নেতাকে
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩৮ এএম
প্রতীকী ছবি
রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় স্থানীয় বিএনপি নেতা মো. আবুল বাশার (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাদ্দাম (৩৫) আহত হয়ে চিকিৎসাধীন আছেন। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
আহত অবস্থায় আবুল বাশার ও সাদ্দামকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে ওয়ান–স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে আবুল বাশার মারা যান। সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আবুল বাশারের বড় ভাই সবুজ মিয়া জানান, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তার ভাষ্য, আবুল বাশার একটি সালিস বৈঠকে গিয়েছিলেন। সেখানে খেলা নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসা করে ফেরার পথে ৮ থেকে ১০ জন তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আবুল বাশার ও সাদ্দাম গুরুতর আহত হন।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, নিহত আবুল বাশার বিএনপির নবোদয় হাউজিং ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, কয়েক দিন আগে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল–জাপানের ম্যাচ দেখা নিয়ে বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা হাবিব ও এক কিশোরের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে একাধিক দফায় উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। বুধবার রাতে আদাবরের নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে সালিস বৈঠকের শেষ পর্যায়ে আবারও সংঘর্ষ বাধে। এতে মো. আবুল বাশার ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশারের মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮