ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাঁচ শিক্ষক ও দুই কর্মচারীর বিরুদ্ধে কথিত মিথ্যা চুরি ও ডাকাতি মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, কলেজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সাবেক অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হোসনেয়ারা বেগম বলেন, মিথ্যা মামলা, হেনস্তা ও সম্মানহানির মাধ্যমে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করা হচ্ছে। তিনি দাবি করেন, সাবেক অধ্যক্ষ মো. ফরিদ আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এরপর তিনি কলেজের শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলা করে শিক্ষা পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন।
তিনি আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক অধ্যক্ষ কলেজে একক আধিপত্য প্রতিষ্ঠা করেন। এ সময় কলেজ তহবিলের অর্থ নিয়মবহির্ভূতভাবে উত্তোলন ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যয় করা হয় এবং শিক্ষক-শিক্ষার্থীদের এসব কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা হতো।
মানববন্ধনে আরও বক্তব্য দেন প্রভাষক সৈয়দা দিল আশরাফি, সহযোগী অধ্যাপক মো. আব্দুল মান্নান এবং শিক্ষক আজাহার আলী।
উল্লেখ্য, এসব অভিযোগ মানববন্ধনে বক্তাদের বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ মো. ফরিদ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।