ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব নতুন দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় পৃথকভাবে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সুইজারল্যান্ডের লুসার্ন লেকে অনুষ্ঠিত পূর্ববর্তী বৈঠকের ফলাফলের ভিত্তিতেই এই সমঝোতা স্মারক প্রস্তুত করা হয়েছে।
এতে আরও বলা হয়, উভয় পক্ষই আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। ইরানের সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও দাফন অনুষ্ঠান শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলেও কাতারের মধ্যস্থতায় দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর আশা, ধারাবাহিক আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা কমানোর পাশাপাশি বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।