ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, চীনের কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সম্প্রসারণের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে চীন। মার্কিন পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বেইজিং জানিয়েছে,

2026-08-25T20:42:13+00:00
2026-08-25T20:42:13+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, চীনের কড়া হুঁশিয়ারি
‘প্রয়োজনে সব ব্যবস্থা নেব’
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা সম্প্রসারণের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে চীন। মার্কিন পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বেইজিং জানিয়েছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন ও ইরানের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। তাই এ ধরনের বৈধ সহযোগিতায় কোনো দেশের হস্তক্ষেপ বা বাধা দেওয়া উচিত নয়।

এর আগে সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরান এবং দেশটির সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশ, ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে আর্থিক অংশীদারত্ব বজায় রাখা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানির বড় একটি অংশ চীনে যাচ্ছে। ফলে নতুন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় চীনা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো পড়তে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে।

বেসেন্ট কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করলেও চীনা ব্যাংকগুলোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতার বাইরে কেউ নয়।

মার্কিন প্রশাসন নতুন কর্মসূচিকে ইরানের বিরুদ্ধে তাদের অন্যতম বড় আর্থিক অভিযান হিসেবে বর্ণনা করেছে। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে এই উদ্যোগে ইরানের তেল বাণিজ্য এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত আর্থিক নেটওয়ার্কগুলোকে লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছে। এরই মধ্যে প্রায় ৬০টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৈঠকের পরিকল্পনা রয়েছে। ফলে নতুন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কেও বাড়তি চাপ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, নতুন নিষেধাজ্ঞার প্রভাব সীমিত হতে পারে। কারণ ইরানের বিপুল পরিমাণ তেল চীনেই যায় এবং বেইজিং অতীতেও যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয়নি।

এদিকে ইরানও নতুন মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছে। দেশটির অর্থমন্ত্রী আলি মাদানিজাদেহ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্যই ‘আরেকটি পরাজয়’ বয়ে আনবে।

ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন টানাপোড়েন নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: