ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন ৬৯ বছর বয়সী নূর। রাস্তায় ও ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করে পাওয়া অর্থের কিছু অংশ জমিয়ে রাখতেন বাড়িতে, আর কিছু জমা করতেন ব্যাংক হিসাবে। মৃত্যুর পর সেই সঞ্চয়ের পরিমাণ দেখে অবাক হয়েছেন স্থানীয়রা।
ভারতের কর্নাটকের মান্ডিয়া অঞ্চলের ইস্ট থানা এলাকার গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লায় বসবাস করতেন নূর নামের ওই বৃদ্ধা।
বুধবার (১৯ আগস্ট) বার্ধক্যজনিত অসুস্থতায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর স্থানীয় বাসিন্দা ও স্বজনরা মিলে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন।
এরপর নূরের বাড়িতে থাকা জিনিসপত্র খুঁজতে গিয়ে ব্যাগভর্তি মুদ্রার সন্ধান পান স্বজন ও স্থানীয়রা। মুদ্রাগুলো গণনার পাশাপাশি তাঁর ব্যাংক অ্যাকাউন্টের অর্থও হিসাব করা হয়।
সব মিলিয়ে নূরের সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নূর দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। রাস্তায় ও ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করে যা আয় করতেন, তার একটি অংশ মুদ্রা হিসেবে ব্যাগে জমিয়ে রাখতেন।
তাঁর মৃত্যুর পর সেই সঞ্চয়ের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, নূরের মৃত্যু স্বাভাবিক হওয়ায় এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া