আঞ্চলিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় ধরনের প্রাকৃতিক গ্যাসের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাসের মজুতের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ইরান।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির তেলমন্ত্রী জানিয়েছেন, নতুন আবিষ্কৃত গ্যাসের মধ্যে আনুমানিক ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য। তাঁর দাবি, এই পরিমাণ গ্যাস ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি ধাপ থেকে প্রায় ১৫ বছর ধরে উৎপাদিত গ্যাসের সমপরিমাণ।
নতুন গ্যাসক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও রয়েছে বলে জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী। গ্যাস ও কনডেনসেট মিলিয়ে নতুন এই মজুতের আর্থিক মূল্য ১০ বিলিয়ন ডলারেরও বেশি বলে উল্লেখ করেছেন তিনি।
তেলমন্ত্রী বলেন, এই আবিষ্কার ইরানের জন্য সম্পদের একটি নতুন উৎস তৈরি করবে। নতুন গ্যাসের মজুত দেশটির জ্বালানি খাতের পাশাপাশি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছে ইরান।
বিশ্বের অন্যতম বড় প্রাকৃতিক গ্যাসসম্পদধারী দেশ ইরান। এর আগে ২০১৯ ও ২০২৩ সালেও ফারস প্রদেশে বড় গ্যাস ও তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিল দেশটি।
নতুন এই আবিষ্কারের ফলে জ্বালানি উৎপাদন ও অর্থনীতিতে ইরানের সক্ষমতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।