ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রাইভেট পড়তে বের হয়ে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে একদিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিলেট সিটি করপোরেশন এলাকার কদমতলী বাস টার্মিনাল থেকে তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস। তিনি জানান, শিক্ষার্থীদের ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুজ্জামান জানান, বুধবার দুপুরে কদমতলী বাস টার্মিনালের ওয়েটিং রুম থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছে, তারা অভিভাবকদের না জানিয়ে ঠাকুরগাঁওয়ের বাইরে ঘুরতে বের হয়েছিল। মঙ্গলবার প্রথমে তারা দিনাজপুরে যায়। পরে সন্ধ্যায় সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাসে ওঠে।
ওসি বলেন, আরও জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানা যাবে।
সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পরপরই পুলিশ তাদের খোঁজে অভিযান শুরু করে। একটি মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করা হলে সিলেট পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে সিলেট পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, কেন তারা পরিবারকে না জানিয়ে বের হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘প্রায় ১০ মাস আগে উপজেলার এক কিশোরী গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়েছিল। তাই এই চার শিক্ষার্থীও একই ধরনের পাচারচক্রের শিকার হতে যাচ্ছিল কি না, সেটিও তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হবে।’
মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যা পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাতে নিখোঁজ এক শিক্ষার্থীর অভিভাবক বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
নিখোঁজ চারজনই বালিয়াডাঙ্গী উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।