হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কলম চান আবু হত্যা মামলার প্রধান আসামি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ জানায়, ফারুক আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিকেলে ব্রাহ্মণডোরা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হামলায় গুরুতর আহত হন সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কলম চান আবু (৬৫)। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বাবুল মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফারুক আহমেদ ও তার সহযোগীদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সেই বিরোধের জের ধরে তার মায়ের ওপর হামলা চালানো হয়, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছিল পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।