২০১৮ ও ২০২২ বিশ্বকাপের পর ২০২৬ আসরেও দুর্দান্ত ছন্দে আছে ফ্রান্স। টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো ম্যাচ না হেরে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা। বিশ্লেষকদের মতে, এবারও ফাইনালে যাওয়ার অন্যতম ফেভারিট ফ্রান্স। তবে এই ধারণার সঙ্গে একমত নন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল।
তার মতে, দিদিয়ের দেশামের দল ফ্রান্স স্পেনের চেয়ে কোনোভাবেই এগিয়ে নয়। বরং তার দৃঢ় বিশ্বাস, উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত স্পেনই জিতবে।
গ্রুপ পর্বে পারফরম্যান্সে ওঠানামা থাকলেও স্পেনের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই এই উইঙ্গারের। তার বিশ্বাস, দলটি ধীরে ধীরে সেরা ছন্দে ফিরে এসে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিততে সক্ষম হবে।
ইয়ামাল আরও স্মরণ করিয়ে দেন, ২০২৪ ইউরোতে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তাই ফরাসিদের অতিরিক্ত ফেভারিট ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
কোপে’র তিয়েম্পো দে খুয়েগো অনুষ্ঠানে ইয়ামাল বলেন, ‘এমন কোনো দল নেই যাকে হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়। ইউরো চ্যাম্পিয়নশিপে তারা আমাদের হারাতে পারেনি। এখানে কোনো ফেভারিট নেই। আমি সবসময় বিশ্বাস করি, আমরাই জিতব। এবারও আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয়।’
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানসিক দৃঢ়তার কথাও জানান ইয়ামাল। তিনি বলেন, চোট পাওয়া বা মাকে কাঁদতে দেখলে তিনি আবেগপ্রবণ হলেও সাধারণত খুব কমই কাঁদেন। বিশ্বকাপ জিতলেও তার চোখে পানি আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
ট্যাটু প্রসঙ্গে তিনি বলেন, তিনি মুসলিম হওয়ায় ট্যাটু করেন না এবং করলেও কারও ছবি শরীরে আঁকতেন না।
উত্তর আমেরিকায় স্পেনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও ইয়ামালের মতে, আসল লড়াই এখনই শুরু। তার বিশ্বাস, নকআউট পর্বে জয়ের মানসিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘অনেকে বলছে আমরা আরও ভালো খেলতে পারি। কিন্তু আমাদের লক্ষ্য শান্ত থেকে ম্যাচ জেতা। এরপর পারফরম্যান্স আরও উন্নত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়। গ্রুপ পর্ব এখন আর গুরুত্বপূর্ণ নয়।’
স্পেন রাউন্ড অব ৩২-এ অস্ট্রিয়ার মুখোমুখি হবে। সেই বাধা পেরোতে পারলে সম্ভাব্য সেমিফাইনালে দেখা যেতে পারে স্পেন–ফ্রান্স মহারণ। তখনই ইয়ামালের এই আত্মবিশ্বাসী মন্তব্যের বাস্তব পরীক্ষা হবে।