ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্তের সাক্ষী সেই বলটি এবার নিলামে বিক্রি হয়েছে কোটি কোটি টাকায়। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের ব্যবহৃত ফুটবলটি প্রায় ৩৪ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনস-এ ঐতিহাসিক বলটির নিলাম অনুষ্ঠিত হয়। যদিও নিলামের আগে ধারণা করা হয়েছিল, বলটির দাম ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে।
যে গোলে বদলে যায় ইতিহাস
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে হাত দিয়ে গোল করে তুমুল বিতর্কের জন্ম দেন ম্যারাডোনা।
গোলটি নিয়ে পরে ম্যারাডোনা বলেছিলেন, গোলটি হয়েছিল ‘ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাত’ দিয়ে। সেই থেকেই গোলটির নাম হয়ে যায় ‘হ্যান্ড অব গড’।
ম্যাচটি শেষ পর্যন্ত আর্জেন্টিনা ২-১ গোলে জিতে নেয়। একই ম্যাচে ম্যারাডোনা ইংল্যান্ডের পাঁচ খেলোয়াড় ও গোলরক্ষককে কাটিয়ে যে অসাধারণ গোল করেছিলেন, সেটিই পরবর্তীতে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে পরিচিতি পায়।
বলটি কীভাবে সংরক্ষিত ছিল?
ওই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন তিউনিসিয়ার আলি বিন নাসের। ম্যাচ শেষে তিনি ব্যবহৃত ‘অ্যাডিডাস আজতেকা’ বলটি নিজের সংগ্রহে রেখে দেন।
তিন দশকেরও বেশি সময় বলটি নিজের কাছে সংরক্ষণ করেন তিনি। ২০২৩ সালে দেওয়া এক আনুষ্ঠানিক চিঠিতে বিন নাসের নিশ্চিত করেন, পুরো ম্যাচে শুধু এই একটি বলই ব্যবহার করা হয়েছিল। পরবর্তী স্বাধীন মূল্যায়নেও বিষয়টি সত্য বলে প্রমাণিত হয়।
এর আগেও নিলামে উঠেছিল
২০২২ সালে আলি বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলারে বিক্রি করেছিলেন। পরে ২০২৩ সালে নতুন মালিক বলটি আবার নিলামে তোলেন। তবে নির্ধারিত ন্যূনতম মূল্য না ওঠায় সেবার বলটি বিক্রি হয়নি।
এবার অবশ্য ৩৩-৩৪ লাখ ডলারের কাছাকাছি দরেই ঐতিহাসিক বলটির নতুন মালিক পাওয়া গেল।
ম্যারাডোনার সেই ম্যাচের স্মারকের মধ্যে এর আগে তাঁর পরা জার্সিও বিপুল দামে বিক্রি হয়েছিল। ২০২২ সালে ঐতিহাসিক জার্সিটি ৯৬ লাখ মার্কিন ডলারের বেশি দামে নিলামে বিক্রি হয়।