ভারতের সরে দাঁড়ানোর পর শেষ মুহূর্তে পাওয়া সুযোগ কাজে লাগিয়েছে বাংলাদেশ। ফিফার অর্থায়নে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ‘আসিয়ান কাপ ডিভিশন-১’-এ ভারতের পরিবর্তে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ফিফা।
শনিবার (২২ আগস্ট) বাফুফের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে বাফুফের জাতীয় দল কমিটি সম্মতি জানিয়ে ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১। আট দলকে দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হবে প্রতিযোগিতাটি। ভারতের জায়গায় ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে পূর্বনির্ধারিত প্রীতি ম্যাচ থাকায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় ভারত। এরপর বাংলাদেশের কাছে অংশগ্রহণের সুযোগ আসে। বাফুফে আগ্রহ প্রকাশ করলে ফিফা তাতে অনুমোদন দেয়।
সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলের জন্য এই টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হয়ে উঠতে পারে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচের পাশাপাশি প্রতিটি দলের জন্য অবস্থান নির্ধারণী আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকবে। ফলে ফাইনালে ওঠা দলসহ প্রতিটি দলই মোট চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে।
টুর্নামেন্টে অংশ নিতে বাফুফের বড় ধরনের আর্থিক ব্যয়ও হবে না। অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত, থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় লজিস্টিক খরচ বহন করবে আয়োজকরা। পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোর জন্য রয়েছে ফিফার আর্থিক সহায়তা ও প্রাইজমানি।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ পাবেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ে তাই আসিয়ান কাপকে গুরুত্ব দিচ্ছে বাফুফে।