
ঢাকায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা চললেও ম্যাচ আয়োজনের ব্যয়ভার সরকার বহন করবে না- এমন ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর ভাষ্য, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি ফুটবল ম্যাচের জন্য সরকারি অর্থ ব্যয়ের সুযোগ দেখছে না সরকার। তবে বেসরকারি স্পনসরদের মাধ্যমে আয়োজনের অর্থের সংস্থান করা গেলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
অক্টোবরে বাংলাদেশ সফরে এসে জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। ম্যাচটি আয়োজন করতে হলে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। সেই ব্যয় মেটাতে সরকারের সহযোগিতা চাওয়ার বিষয়ে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ মঙ্গলবার ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে ব্রাজিলের সম্ভাব্য সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান স্পষ্ট করেন আমিনুল হক।
তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে সরকারের বড় ধরনের ব্যয় রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয়ের চাপ থাকায় একটি ম্যাচ আয়োজনের জন্য সরকারি অর্থ খরচ করার মানসিকতা এই মুহূর্তে সরকারের নেই।
তবে ব্রাজিলকে ঢাকায় আনার উদ্যোগে সরকার পুরোপুরি বাইরে থাকবে না বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাফুফে যদি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্পনসরের সহযোগিতায় আয়োজনের প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে পারে, তাহলে সরকার তাদের সার্বিক সহযোগিতা করবে।
ব্রাজিলের সম্ভাব্য সফর নিয়ে বাফুফের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান আমিনুল হক। তাঁর ভাষায়, বিষয়টি এখনো আলোচনার একেবারে শুরুর পর্যায়ে রয়েছে। ম্যাচ আয়োজনের মোট ব্যয়, অর্থের উৎস কিংবা অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।
ব্রাজিল বাংলাদেশে এলে দেশের ফুটবলে এর কী ধরনের প্রভাব পড়তে পারে—এমন প্রশ্নেরও জবাব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি মনে করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে বাংলাদেশের খেলা নিঃসন্দেহে বড় অর্জন হবে এবং এতে দর্শকদের প্রত্যাশাও পূরণ হবে। তবে শুধু ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচ খেললেই বাংলাদেশের ফুটবলের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে—এমনটা মনে করেন না তিনি।
আমিনুল হক বলেন, ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের জন্য বড় একটি অর্জন। এতে দর্শকেরা আনন্দ পাবেন এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশারও প্রতিফলন ঘটবে। কিন্তু এই একটি ম্যাচের কারণে দেশের ফুটবলে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসবে- এমন প্রত্যাশা করা ঠিক হবে না।
সবশেষে ব্রাজিলের বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত নয় বলেও স্পষ্ট করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, বিষয়টি প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং ব্রাজিল দল আদৌ বাংলাদেশে আসবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো বার্তা পাওয়া যায়নি।