এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে উজবেকিস্তান যাওয়ার ঠিক এক দিন আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, দলের গুরুত্বপূর্ণ এই সফরের মাত্র ২৪ ঘণ্টা আগে ইংলিশ কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (২৬ আগস্ট) উজবেকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের।
জোন্সের অনুপস্থিতিতে আপাতত দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু। পাশাপাশি কোচিং স্টাফ ও টেকনিক্যাল বিভাগে আরও পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
গত জুনে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী জেরার্ড জোন্স। দায়িত্ব নেওয়ার পর থেকেই অবশ্য মাঠের পারফরম্যান্সের চেয়ে বিভিন্ন বিতর্কে বেশি আলোচনায় ছিলেন তিনি।
যশোরে দলের ক্যাম্প চলাকালে বকেয়া বেতন ও নিরাপত্তার অভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন জোন্স। এরপর ঢাকার টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।
সবশেষ গতকাল ফেসবুক লাইভে এসে কর্মক্ষেত্রে শারীরিক হামলার শিকার হওয়া এবং নিরাপত্তাহীনতাসহ বেশ কিছু বিস্ফোরক অভিযোগ করেন এই ইংলিশ কোচ। ধারাবাহিক এসব ঘটনার পরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।
আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। প্রতিযোগিতা শুরুর মাত্র কয়েক দিন আগে প্রধান কোচকে হারানোয় বাংলাদেশ দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে এর প্রভাব কতটা পড়ে, সেটিই এখন বড় প্রশ্ন।