গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ। বুধবার (১ জুলাই) বিকেলে বন্ধ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গেল ২৭ জুন শনিবার রুবিনা বেগম (৫০) নামে এক নারী শ্রমিক ওই কারখানায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারখানার ভেতরে কম্পানির নিজস্ব মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনাবাড়ি ক্লিনিকে পাঠানো হয়।
কোনাবাড়ি ক্লিনিকে তার অবস্থার অবনতি দেখে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট মেডিক্যালে রেফার্ড করেন। পরে ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রুবিনা বেগমের মৃত্যু হয়।
পরে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর কারখানার অভ্যন্তরে শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা তাদের কাজ বন্ধ করে ধর্মঘট শুরু করে দেন। শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে রুবিনার মৃত্যু হয়েছে। শ্রমিকরা আরো জানায়, এর সঠিক তদন্ত করে দায়িত্বে অবহেলায় জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে।
নিহত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গার্মেন্টসে সুইয়ং মেশিনের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পরে রুবিনা বেগম মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা ধর্মঘটসহ কারখানার অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। মূলত এসব অশান্ত পরিবেশের কারণে ইসলাম গার্মেন্টস কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউ মোবাইল ফোন রিসিভ করেননি।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) বলেন, শ্রমিকরা অভিযোগ করছেন কর্তৃপক্ষের অবহেলার কারণে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের দাবী যথাসময়ে চিকিৎসা দিলে এই দুর্ঘটনা ঘটতোনা। পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কর্তৃপক্ষের কোন অবহেলা আছে কিনা। কারখানা বন্ধের বিষয়ে তিনি বলেন, কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছেন।