ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফিমেল জিমনেশিয়াম চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
মঙ্গলবার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, ডাকসুর উদ্যোগে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে অত্যাধুনিক এই ফিমেল জিমনেশিয়াম প্রস্তুত করা হয়েছে।
পোস্টে সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেশিয়াম চালু হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত শরীরচর্চার সুযোগ পাবেন, যা তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ১০৬তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে কর্তৃপক্ষ।