জ্ঞানচর্চা, শিক্ষা, গবেষণা এবং দেশের রাজনৈতিক-সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ১০৬ বছরে পদার্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গৌরবময় এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ক্যাম্পাসজুড়ে উদ্যাপিত হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই বিশেষ দিন।
এবারের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা নিয়ে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।
সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন এবং কেক কাটার মাধ্যমে শুরু হবে মূল আয়োজন। এ সময় জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত এবং বিদেশি শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ সংগীত পরিবেশিত হবে।
বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দিবসটি উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। তবে নির্ধারিত সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি শিক্ষা ও গবেষণার আরও উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।